চীনে এআই ফিচার চালুর জন্য আলোচনায় অ্যাপল
চীনের আইফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার অন্তর্ভুক্ত করতে অ্যাপল স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান টেনসেন্ট এবং টিকটকের মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সের সঙ্গে আলোচনা করছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। খবর রয়টার্স।
চলতি মাসে অ্যাপল ওপেনএআইয়ের চ্যাটজিপিটি আইফোনে যুক্ত করা শুরু করেছে, যার মাধ্যমে সিরি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ব্যবহারকারীর ছবি এবং ডকুমেন্ট সম্পর্কিত জিজ্ঞাসার উত্তর দিতে পারবে।
তবে, চীনে চ্যাটজিপিটি বন্ধ থাকায় এবং দেশটির কঠোর নিয়ন্ত্রক নীতির কারণে এআই পরিষেবাগুলো চালুর আগে সরকারের অনুমোদন প্রয়োজন। এ কারণে, অ্যাপল স্থানীয় অংশীদার খুঁজছে, বিশেষত এমন সময়ে যখন চীনে তাদের বাজারের অংশীদারিত্ব কমছে।
সূত্র জানায়, টেনসেন্ট এবং বাইটড্যান্সের সঙ্গে আলোচনা খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছে। বাইটড্যান্স এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। এছাড়া, অ্যাপল ও টেনসেন্ট তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
ডিবিটেক/বিএমটি







